ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা
জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও শিক্ষক সমিতি যৌথভাবে এ সংর্বধনা দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘কতগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে যেখানে কেউই দ্বিমত করেন না। এই তিনজনের ক্ষেত্রে এটিও সেরকম ছিলো। আমি একটা কথা বলতে পারি, কোন বছরই এবারের মতো এতো ভালো নমিনেশন আমরা দেইনি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় নেতৃত্ব ও জাতীয় দুর্যোগপূর্ণ মুহূর্তে এই তিন অধ্যাপকের অবদান অপরিসীম। জাতি অনুভব করে তাদের অবদান আছে, সেটিই তাদের যোগ্যতা। জাতিকে তারা যে পর্যায়ে পৌঁছে দিয়েছেন সামনের দিনগুলোতেও তারা বাতিঘর হয়ে থাকবেন বলে আমরা প্রত্যাশা করি।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আপনারা আমাকে ভালোবেসেছেন। যতদিন আমি কাজ করেছি ফাঁকি দিইনি। যেটুকু করেছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি বিশ্ববিদ্যালয় ও আপনাদের কাছ থেকে।”
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট না হয়েও এই বিশ্ববিদ্যালয়ের নানা স্থাপনার সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত। জাতীয় গুরুত্বপুর্ণ অনেকগুলো প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত, দুই তিন বছর লাগবে এগুলো শেষ হতে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”