২২ জুলাই ২০১৮, ২০:০৫

‘ডে-কেয়ার সেন্টারে’ শিক্ষার্থীদের সন্তান ভর্তির ব্যবস্থা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ডে-কেয়ার সেন্টারে শিক্ষার্থীদের সন্তান ভর্তির ব্যবস্থা শুরু হয়েছে।শিক্ষার্থীরা ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন তাদের সন্তানদেরকে সেখানে রাখতে পারবেন।

ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুল সুবিধাসহ সকল অত্যাধুনিক সুবিধা রয়েছে।

রোববার জবির প্রচার ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের ১ বছর থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা এবং ২ বছর থেকে ৫ বছরের শিশুদের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা সার্ভিজ চার্জ প্রদান সাপেক্ষে ডে-কেয়ার সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন।

ডে-কেয়ার সেন্টারটি বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই ডে-কেয়ার সেন্টারের সেবা গ্রহণের সুযোগ চালু রয়েছে।