জবির সাবেক শিক্ষক রাজীব মীর আর নেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ১৭ জুলাই রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
স্ট্রোক করার পরপরই চেন্নাইয়ের ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। তবে পরিবারের অনুরোধে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয় তাকে। পরে শুক্রবার দিনগত রাত ১টা ৩৭মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
জানা যায়, রাজীব মীর বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। অত্যন্ত ব্যয়বহুল এই রোগের চিকিৎসার জন্য গত কয়েক মাস ধরে ভারতে আসা-যাওয়ার মধ্যে থাকতে হয়েছে তার পরিবারকে। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিলো। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজীব মীর।