১৮ জুলাই ২০১৮, ১৮:০০
রাবিতে দুদিনব্যাপী ক্যারিয়ার উৎসব শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ক্যারিয়ার উৎসব। বুধবার বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ৫ম বারের মতো এ উৎসবের আয়োজন করেছে । উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক সাদিকুল আরেফিন মাতিন, অধ্যাপক মমিনুল ইসলাম এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামীকাল কর্মসূচির দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্যারিয়ার ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনার শেষে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি গত ১৪ জুলাই অনুষ্ঠিত "প্রেজেন্টেশন কম্পিটিশন" ও ''ব্যবসায় কেস কম্পিটিশনের" ফলাফল ঘোষণা ও ক্রেস্ট প্রদানের কথা রয়েছে।