১৬ জুলাই ২০১৮, ১৭:৪৬

মঙ্গলবার থেকে চবিতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

প্রেস কনফারেন্সে উপস্থিত অতিথিরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। 'মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমঃ প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ৯টি দেশের প্রায় ২৯ জন প্রবন্ধকার তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

সোমবার দুপুরে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান সম্মেলন সম্পাদক ও বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নিপু।  

প্রেস কনফারেন্সে জানানো হয়, এটি বাংলাদেশে গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলন।  এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, প্রফেসর মো. শহীদুল্লাহ প্রমুখ 

লিখিত বক্তব্যে শাহাব উদ্দীন নিপু বলেন, সম্মেলনকে তিনটি প্ল্যানারি এবং ১৫ টি প্যারালাল অধিবেশনে বিন্যস্ত করা হয়েছে।  এতে ১৩ টি সুনির্দিষ্ট বিষয়কে ঘিরে ১৩ টি প্যারালাল অধিবেশন ছাড়াও শিক্ষার্থীদের দুইটি পৃথক অধিবেশনে গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর,  জগন্নাথ,  খুলনা, কুমিল্লা,  ইউল্যাব, আইইউবি, বরেন্দ্র, ড্যাফোডিল, ও পোর্টসিটির শিক্ষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন।

অন্যদিকে, বিদেশ থেকে ভারত থেকে ১৭, পাকিস্তান থেকে ৪,  নেপাল থেকে ২,  ভুটান, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া থেকে একজন করে প্রবন্ধকার সম্মেলনের জন্য মনোনীত হয়েছেন।

প্রেস কনফারেন্সে আরো জানানো হয়, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।  সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।  সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি ড. আব্দুল মান্নান।