১৫ জুলাই ২০১৮, ১৭:৫২

এইচএসসি’র আদলে জবির ভর্তি পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪৪তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করা হয়েছে।  ফলে এ বছর ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।  তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে।  ইউনিট -১: বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট -২: মানবিক শাখার ভর্তি পরীক্ষা হবে ৬ অক্টোবর (শনিবার) এবং ইউনিট -৩: বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার তারিখ হবে ১৩ অক্টোবর (শনিবার)।


ইতোমধ্যেই লিখিত পরীক্ষা কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করেছে জবি প্রশাসন। জবি রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষা হবে এইচএসসি’র সিলেবাস অনুসারে। ৭২ নম্বরের পরীক্ষার জন্য সময় থাকবে (১ ঘন্টা ৩০ মিনিট) দেড় ঘন্টা। ২৮ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি এর ফলাফলের উপর প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে নেয়া হবে। প্রশ্নের ধরন হবে বর্ণনামূলক। এতে কয়েক ধরনের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আলাদা আলাদা মানবন্টন থাকবে। তবে, চারুকলা, সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন-এই চারটি বিভাগে কোন লিখিত পরীক্ষা হবে না। এই চারটি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর (শনিবার) তারিখ থেকে নেয়া হবে।


এবিষয়টি জানতে চাইলে জবি রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, এবার লিখিত পরীক্ষা অনুষ্টিত হবে। কোনো ধরনের এমসিকিউ থাকবে না। এজন্য এইচএসসি’র বিভাগ অনুযায়ী এবার পরীক্ষা হবে। জানতে চাইলে জবি উপাচার্য ড.মীজানুর রহমান বলেন, এবার আমাদের এখানে এইচএসসি পরীক্ষার আদলেই হবে লিখিত পরীক্ষা হবে। সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় যে ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় সে ধরনের পদ্ধতিতেই হবে। পরীক্ষায় থাকবে বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন।


উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।