০৫ আগস্ট ২০২৩, ১৮:২০

পরীক্ষার হলে মেসেঞ্জারে প্রশ্ন পাঠাতে গিয়ে বহিষ্কার পরীক্ষার্থী

রাকিবুল আহম্মেদ  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় রাকিবুল আহম্মেদ ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, যশোর জেলার মনিহার থেকে আগত ওই পরীক্ষার্থী প্যান্টের অভ্যন্তরীণ পকেটে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। পরবর্তীতে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের ছবি তুলে ফেসবুকের মেসেঞ্জারে বাইরের কারো সাহায্য নিয়ে প্রশ্নের সমাধান করতে থাকে। এ অবস্থায় হলের নিরাপত্তায় থাকা সহযোগী অধ্যাপক মো. আতিকুর রহমান তাকে হাতানাতে ধরেন এবং সাময়িক বহিষ্কার আদেশ দেন।  

মো. আতিকুর রহমান বলেন, ইউজিসির নিয়ম অনুসারে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। তাছাড়া অন্য কোন শাস্তির কথা উল্লেখ না থাকায় তাকে কেবল বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন: প্রশাসন-পুলিশে প্রথমসহ বিসিএসে ঢাবি শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য

এদিকে তার পেশকৃত রিপোর্ট থেকে জানা যায়, ফেসবুকের মেসেঞ্জারে পরীক্ষার প্রশ্ন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একজন শিক্ষকের কাছে প্রেরণ করেন এই পরীক্ষার্থী। এসময় তিনি ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করে পরীক্ষা দিতে থাকেন। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ফজলুল হক বলেন, বিশ্বিবদ্যালয়ের প্রক্টর এবং অন্যান্যদের উপস্থিতিতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

যদিও পরবর্তীতে ওই শিক্ষার্থীকে সাইবার ক্রাইমের আওতায় পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়।