১৪ জুলাই ২০১৮, ১৪:২২

শাবিতে রোবটিক্স প্রতিযোগিতা শুরু ৩ আগস্ট

  © টিডিসি ফটো

শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স বিষয়ক জ্ঞান ও মেধার উৎকর্ষ সাধনের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ট্রা-সাস্ট রোবটিক্স কম্পেটিশন: অটো গ্রান্ড প্রিক্স ভি৩.০’। বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিষয়ক একমাত্র সংগঠন ‘রোবোসাস্ট’ এ প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় অংশ নিতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার,  চলবে ৩১ জুলাই পর্যন্ত। আর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩ আগস্ট।

আজ শনিবার সকালে শাবি প্রেসক্লাবে প্রতিযোগিতা বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘রোবোসাস্ট’। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আহ্‌বায়ক আলী তারিক জামান বলেন, আগামী ৩রা আগস্ট বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আই আই সি টি ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলগত এই প্রতিযোগিতায় একটি দলে সর্বোচ্চ ৪ জন করে নিবন্ধন করতে পারবে। রোবোসাস্ট’র অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/robosustofficial থেকে নিবন্ধন এর অনলাইন লিঙ্ক এবং প্রবলেম স্টেটমেন্ট সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, ‘রোবটিক্স ফর গ্লোরি’ ধারণ করে ২০১২ সাল থেকে রোবোসাস্ট যাত্রা শুরু করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন পায় চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি।