১২ জুলাই ২০১৮, ১৬:১৯

ইউজিসি’র অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান ইবি শিক্ষকদের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে অনুষ্ঠিত ফোরামের সাধারণ সভায় শিক্ষকরা এ সিদ্ধান্ত নেন বলে ফোরামের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের  দাবি, এ ধরণের নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের স্বায়ত্তশাসনের ধারণার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত যে নীতিমালা রয়েছে সেটিই শিক্ষকদের জন্য গ্রহণযোগ্য নীতি বলে ফোরাম জানায়। 

বিষয়টিতে জানতে চাইলে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার বলেন, ‘শিক্ষক নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত নীতিমালার প্রচলিত পদ্ধতিই শিক্ষকদের জন্য কার্যকরী। ইউজিসি কর্তৃক নীতিমালায় পদোন্নতির যে সকল শর্ত প্রস্তাব করা হয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়সমূহের প্রকিৃতি এবং শিক্ষা ও গবেষণার জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার সাথে সঙ্গতিপূর্ণ নয়।’