৩০ জুন ২০১৮, ১৮:৫৯

হল সংস্কারের দাবিতে রাবিতে বিক্ষোভ

বিক্ষোভের চিত্র  © টিডিসি ফটো

হলে পর্যাপ্ত পানি সরবরাহ, অপরিচ্ছন্ন ওয়াশরুম-টয়লেট পরিচ্ছন্ন রাখা, ওয়াইফাই সমস্যা দূরীকরণসহ নানা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা।  শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।  এসময় শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের ও সুপার ভাইজারের পদত্যাগে চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কক্ষের দরজা ও হলের কিছু বৈদ্যুতিক বাল্ব ভেঙে ফেলেন।  ঘটনাস্থলে প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিছুর রহমান আসলে শিক্ষার্থীরা কয়েকটি দাবির কথা উল্লেখ করেন এবং তাদের দাবিগুলো মেনে না নিলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।  দাবি গুলো হলো- হলের পয়নিষ্কায়ন ব্যবস্থা ভালো করা, বিশুদ্ধ পানি সরবরাহ করা, বাথরুম ও ওয়াশরুম ভালো করা, দ্রুত গতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত করা, রিডিং রুম, নেট রুম, ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ে স্বাস্থ্যকর খাবার পরিবেশন ইত্যাদি।

হলের এক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, রোজার ছুটির শেষে হল খুলেছে এক সপ্তাহ হলো, এ পর্যন্ত একবারের জন্যও প্রাধ্যক্ষ হলে আসেনি।  প্রাধ্যক্ষ না থাকলে হলের শিক্ষার্থীদের দেখবে কে।? তিনি আরও বলেন, হলে ঠিক মতো পরিচ্ছন্ন কর্মীরা আসে না।  ফলে বাথরুম, রুমের বাইওে এবং হলের অভ্যন্তরে বেহাল দশা হয়ে আছে। পাশাপাশি হলের বাথরুমগুলোতে পর্যাপ্ত পানি থাকে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, ঘটনা শুনে কয়েকজন সহকারী প্রক্টর পাঠাই।  তাঁরা পরিস্থিতি সামাল দিতে না পারায় আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তাদের সমস্যাগুলো দেখে তাদেরকে শান্ত হওয়ার জন্য বলি। হল প্রাধ্যক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য নির্দেশ দিয়েছি।

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ এম আনিছুর রহমান বলেন, হলের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যার জন্য চিফ ইঞ্জিনিয়ার ও প্রো-ভিসিকে এ বিষয়ে অবগত করেছি।  তারা অতি দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।