যবিপ্রবিতে নতুন ছয় বিভাগ খোলার সিদ্ধান্ত
নতুন ছয়টি বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিভাগগুলো হলো- বাংলা, লেদার টেকনোলজি, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, নার্সিং অ্যান্ড হেলথ্ সায়েন্স, ফিজিক্যাল মেডিসিন-ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিয়েটশন এবং মার্কেটিং।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৯তম রিজেন্ট বোর্ডে বিভাগগুলি খোলার সিদ্ধান্ত হয়; যার ভর্তি কার্যক্রম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে শুরু হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে মোট ২২টি বিভাগ চালু আছে।
নতুন বিভাগ খোলা ছাড়াও সভায় যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করেন। বেতন এবং গবেষণাসহ নানা খাতে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য মোট ৪০ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন তিনি; যা গতবারের চেয়ে ৩ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা বেশি।
যবিপ্রবির ভিসি ও রিজেন্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।