ছুটি শেষে ক্লাসে ফিরছেন কুবি শিক্ষার্থীরা
ঈদের ছুটি বাড়তি আনন্দ বয়ে আনে শিক্ষার্থীদের জন্য। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১২ দিনের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে ক্লাসেও ফিরছেন অনেকেই। খোলার প্রথমদিন আজ রবিবার থেকেই ক্লাসের তোড়জোড় বেড়েছে শিক্ষার্থীদের। এদিকে পরীক্ষার কারণে আগে থেকেই ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীদের একাংশ।
কাগজে কলমে ১২ দিনের ছুটির কথা বলা হলেও শুক্র-শনিবার মিলিয়ে শিক্ষার্থীরা ছুটি পায় মূলত ১৬ দিনের। দীর্ঘ এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন ছিল না, ছিল না শিক্ষার্থীদের পদচারণা। প্রাণহীন ক্যাম্পাসে ছিল না যুক্তি তর্কের আড্ডাও।
এদিকে বিশ্ববিদ্যালয় খোলার ২ দিন আগেই শুক্রবার (৬ জুলাই) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। মশার বিস্তার কমাতে ফ্রগার মেশিন ব্যবহার করা হয়েছে আবাসিক হল ও ক্যাম্পাস জুড়ে। তবে এখনো পুরো জমে উঠেনি ক্যাম্পাস আঙিনা। ব্যাগ কাঁধে এখনো ক্যাম্পাসে ফিরছেন কেউ কেউ।
এমন একজন হলেন আনিসুর রহমান। ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী বলেন, অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে বেশ আনন্দ লাগছে। যদিও পরিবার ছেড়ে আসায় একটু কষ্ট হয় তবুও এটাই যেন আমার আরেকটা পরিবার। সব চেনামুখ গুলো আবারও দেখতে পাবো।
আরেক শিক্ষার্থী বলেন, কোরবানির ঈদের পর সবার আসতে একটু হলেও দ্বিধাবোধ করে। কারণ ক্যাম্পাসে আসলেই খাবারের সংকট পড়তে হয়, খাবার নিয়ে চিন্তা করতে হয়। কি খাবে, কি খাবে এমন চিন্তা সারাদিনও মাথা থেকে যায় না। তাই শিক্ষার্থীদের অনেকেই এখনো বাড়িতে রয়েছে। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সবাই চলে আসবে।