পুকুরে ডুবে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে ডুবে মো. সামছুদ্দিন (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে গোসল করতে নেমে নিখোঁজ হন পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের এ ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামেন সামছুদ্দিন। সম্ভবত তিনি সাঁতার জানতেন না। একপর্যায়ে বন্ধুরা সামছুদ্দিনকে না দেখে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। এরপর পুকুরে জাল ফেলার পাশাপাশি মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। একই সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জন্য চাঁদপুর জেলায় খবর দেওয়া হয়। ডুবুরি দল এসে পৌঁছানোর আগেই স্থানীয় জেলে এবং ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মীদের যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে অচেতন অবস্থায় সামছুদ্দিনকে উদ্ধার করা হয়। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সামছুদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এখন পরিবারের সদস্যরা যদি চান তাহলে লাশের ময়নাতদন্ত হবে। অন্যথায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।
সামছুদ্দিনের গ্রামের বাড়ি ফেনী জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সুন্দরপুরে। তবে তাঁর পরিবার ঢাকার মিরপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে।