ইবি উপাচার্যের বইয়ের হিন্দি অনুবাদের মোড়ক উন্মোচন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী রচিত "নাইনটিন সেভেনটি ওয়ান অ্যান্ড আদার স্টোরিজ" গ্রন্থের হিন্দিতে অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ভারতের নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. দেবব্রত মিত্র, নয়াদিল্লীর রুব্রিক পাবলিশিং এর সিইও এবং জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. বীণা বিশ্বাস প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, হিন্দিতে মাননীয় ভাইস-চ্যান্সেলরের গ্রন্থ অনূদিত হওয়ায় শুধু তার নিজের নয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে নয়াদিল্লী সাহিত্য একাডেমির সেক্রেটারি ড. কে শ্রীনিবাস রাও গ্রন্থটি সম্পর্কে বলেন, ‘রাশিদ আসকারীর ছোটগল্পে একটি বৃহত্তর প্রান্তিক জনগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের কাহিনী পরম মানবিকতার সাথে বিধৃত হয়েছে। এটি লেখকের সাহিত্যিক সামর্থ্যের সাক্ষ্য বহন করে।’
নাইনটিন সেভেনটি ওয়ান অ্যান্ড আদার স্টোরিজ গ্রন্থটির হিন্দিতে অনূদিত হওয়া সম্পর্কে অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারের প্রতিটি অর্জন আমাদের সামগ্রিক অর্জন। আমাদের কর্মকাণ্ডের পারস্পরিক মূল্যায়নের মধ্য দিয়ে আমরা একে অন্যকে অনুপ্রাণিত করতে চাই। নাইনটিন সেভেনটি ওয়ান অ্যান্ড আদার স্টোরিজ গ্রন্থটির অনুবাদের অনস্বীকার্যতা রয়েছে। এর মধ্য দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষকে পরস্পরের কাছাকাছি আনতে চাই।’
উল্লেখ্য, ২০১১ সালে পাঠক সমাবেশ নাইনটিন সেভেনটি ওয়ান অ্যান্ড আদার স্টোরিজ গ্রন্থটি প্রকাশ করে। গ্রন্থটিতে লেখকের মোট বারোটি গল্প স্থান পেয়েছে। ভারতের শিমলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. উষা বন্দে গ্রন্থটি হিন্দি ভাষায় অনুবাদ করেছেন।