২৪ জুন ২০১৮, ১৮:৫১

ছুটি শেষে প্রাণচঞ্চল শাবিপ্রবি

পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে রোববার খুলেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে দু’ একটি বিভাগে পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল থাকলেও বেশিরভাগ বিভাগেই কোনো ক্লাস পরীক্ষা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২১ জুন ছুটি শেষ হলেও ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকেই ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম চালু হয়।


এদিকে ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আগত আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। গত ২১ তারিখে মেয়েদের হল খুলে দেয়া হলেও ছেলেদের হলে কাউকে ঢুকতে দেয়া হয়নি। এতে প্রথম দিনেই যাদের পরীক্ষা হওয়ার কথা, তারা আগে চলে আসায় বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। ফলে এদের অনেককেই বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বিভিন্ন মেসে রাত্রি যাপন করতে হয়েছে।


অন্যদিকে দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরতে শুরু করায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গনে।