ইদের ছুটি শেষে ইবি খুলছে কাল
পবিত্র রমজান, গ্রীষ্মকালীন ছুটি, জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ৪৩ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও একাডেমিক কার্যক্রম বুধবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ মঙ্গলবার খুলবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান। ওইদিন সকাল ৯টায় শিক্ষার্থীদের জন্য হলসমূহ খুলে দেওয়া হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, পবিত্র রমজান, গ্রীষ্মকালীন ছুটি, জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৫ মে থেকে ২৬ জুন পর্যন্ত মোট ৪৩ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে গত ১৯ মে থেকে ২৬ মে পর্যন্ত মোট ৮ দিন গ্রীষ্মকালীন ছুটি এবং জুমআতুল বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ১১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত মোট ১৪ দিন ছুটি ছিল। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।