দ্বৈতভর্তির বিষয়ে কর্মসূচি পালন করা কাম্য নয়
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈতভর্র্তিকৃত কিছু সংখ্যক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচির আয়োজন করছে, যার সামান্যতম কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্বৈতভর্তি সম্পূর্ণ আইন বা নিয়ম বহির্ভূত। এটি চিহ্নিত হলে উভয় বিষয়ে ভর্তি বাতিল তথা ছাত্রত্ব বাতিল হয়ে যায়। সব প্রতিষ্ঠানেই এ নিয়ম প্রচলিত রয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈতভর্র্তিকৃত কিছু সংখ্যক শিক্ষার্থী চিহ্নিত হয়েছে। এদের মধ্যে এমনও অনেকে রয়েছে যারা গত বছর ভর্তিকৃত বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়ে তা বাতিল না করে পুনরায় নতুন বিষয়ে ভর্তি হয়েছে, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে দ্বৈতভর্র্তিকৃতদের পুরো ভর্তি বাতিল না করে জরিমানা সাপেক্ষে যে-কোনো একটি ভর্তি বহাল রাখার সুযোগ দেয়া হয়েছে। এটি যেখানে প্রশংসার চোখে দেখার কথা, সেখানে তাদের মধ্যে কেউ কেউ মানববন্ধন কর্মসূচির আয়োজন করছে, যার সামান্যতম কোনো যৌক্তিকতা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বৈতভর্তির মতো বিষয় পরিহার করে চলার জন্য কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দৃষ্টি আকষর্ণ করে এবং ভর্তির নিয়ম-কানুন মেনে ছাত্রত্ব বহাল ও পরবর্তী পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানায়।