০৩ মে ২০১৮, ১৭:৪৫

শাবিতে কম্পিউটার সায়েন্স বিভাগের পুনর্মিলনী

শাবির সিএসই বিভাগের ২৫ বছর পূর্তি ও প্রথম পূর্ণমিলনী উপলক্ষ্যে র‌্যালী  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৫ বছর পূর্তি ও দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কায়কোবাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন অর রশিদ খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হায়দার আলী, টেলিটক বাংলাদেশের সহকারী ম্যানেজার জাহিদুর রহমান প্রমুখ।

পুনর্মিলনীর উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা সফলতার সঙ্গে দেশে-বিদেশে কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এই বিভাগটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সামনের দিনগুলোতে দেশীয় প্রযুক্তির সম্প্রসারণে এবং তথ্য প্রযুক্তিতে এই বিভাগটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, আড্ডা, র‌্যালি, বৃক্ষরোপণ, খেলাধুলা এবং সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার থাকবে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে উন্মুক্ত কনসার্টে থাকবে ব্যান্ড ‘লালন’।

উল্লেখ্য, ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বিভাগ হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংÑসিএসই বিভাগ যাত্রা শুরু করে। বর্তমানে সহ¯্রাধিক গ্রাজুয়েট দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।