জবিতে জঙ্গি ও মাদকবিরোধী আলোচনা সভা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সামাজিক সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে জঙ্গি ও মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে রোববার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, মাদক, জঙ্গিবাদ দেশ ও জাতি ধ্বংসের প্রধান হাতিয়ার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দু’টিরই বিস্তার ঘটতে দেখা যাচ্ছে। এসব থেকে সচেতন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ নির্মূলে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহিম খান বলেন, মাদক নির্মূলে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সর্বত্র দুর্গ গড়ে তুলতে হবে।
এসময় জবি ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ মাদকে জড়িত নয় দাবি করে সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এরপরও কারও বিরুদ্ধে মাদকে জড়িত থাকার প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।
সবশেষে ডিসি ইব্রাহীম খান সবাইকে মাদক গ্রহণ না করতে বুকে হাত দিয়ে শপথ করান।