দুর্বৃত্তের হামলায় চবি শিক্ষার্থী আহত
বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে দুর্বৃত্তের কবলে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থী। শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাজ্জাদুল ইসলাম শাওন দর্শন বিভাগে অধ্যয়নরত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে শাওন বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যায়। এ সময় নির্জন ওই স্থানে ১০-১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে তার বান্ধবীর সহায়তায় চবি মেডিকেল সেন্টারে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক টিপু সুলতান বলেন, শাওনের হেড ইনজুরি রয়েছে। তাই চমেকে রেফার করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯ টার ট্রেন ২০ মিনিট অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও বাঁধা দেয়। পরে বিশ^বিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, বহিরাগতদের হামলায় একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনছি। তবে কারা হামলা করছে তা চিহ্নিত করতে পারেনি হামলার শিকার শিক্ষার্থীর বন্ধুরা।