ইবিতে পুলিশি পাহারায় নিয়োগ বোর্ড
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে সব ধরনের মিছিল মিটিং, বহিরাগতের প্রবেশ ও শিক্ষার্থীদের পরিচয়পত্র বিহীন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা অব্যহত থাকবে।
৩ জুন, রবিবার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে অনুষ্ঠিত নিয়োগ বোর্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জিরো টলারেন্স জারি করেছে বলে জানা গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক এবং আইটি সেলের কর্মকর্তা নিয়োগ বোর্ড শুরু হচ্ছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড শুরু হয়। নিয়োগ পরীক্ষায় ৩১ জন আবেদনকারীর মধ্যে ২৫ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ দিকে নিয়োগ বোর্ডকে সামনে রেখে চাকুরী প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা তাদের দাবি আদায় করতে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগ বোর্ড হতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয়।
এর আগে চাকুরীর দাবিতে তারা রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট আবরো অবরোধ করে তারা। এসময় ক্যাম্পাসে ইবি থানা ও কুষ্টিয়া থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। পরে রাত সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সরাতে পুলিশ অ্যাকশনে যাবার প্রস্তুতি নিলে সকাল ১০টা পর্যন্ত আন্দোলন স্থগিত করে ফিরে যায় চাকুরী প্রত্যাশীরা।
চাকুরী প্রত্যশীদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হতে না দেওয়ার ঘোষণার পর রবিবার ফার্মেসী বিভাগের নিয়োগ বোর্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শক্ত অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে ক্যাম্পাসে সব ধরনের মিছিল মিটিং, বহিরাগতের প্রবেশ ও শিক্ষার্থীদের পরিচয়পত্র বিহীন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান জানান, ‘ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ প্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। সকল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’