০৭ জুন ২০১৮, ২০:২৯

পরীক্ষার খাতা পোড়াল দুর্বৃত্তরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

পরীক্ষার খাতা চুরি করে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে। মঙ্গলবার বিভাগটির ২য়, ৫ম ও ৭ম সেমিস্টারের ৯টি কোর্সের ৭০৯টি খাতা পুড়িয়ে দেয়ার এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন শিক্ষার্থীকে সন্দেহ করা হচ্ছে; যাদের সবাই ছাত্রত্বই হুমকির মুখে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সিএসই বিভাগের সভাপতির রুমের তালা ভেঙে বিভাগের তিন সেমিস্টারের ১১ বান্ডেল পরীক্ষার খাতা চুরি করে দুর্বৃত্তরা। পরে তা বিভাগের ছাদে নিয়ে পুড়িয়ে দেয়। ঘটনায় অন্যসব কিছু অক্ষত রয়েছে। সহকারী প্রক্টর আরো জানান, রাতভর পরিকল্পনা করে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান। বাকিটা তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান হাটহাজারী থানায় সাধারণ ডায়রি করেছেন।

জানা যায়, বিভাগীয় সভাপতির কক্ষটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তবে ক্যামেরা ফুটেজে রাত ১২টা ৩০ সেকেন্ডের দিকে সিসি ক্যামেরার লেন্সটি উপরের দিকে ঘুরিয়ে দেয়ার দৃশ্যটি দেখা যায়। একপর্যায়ে ক্যামেরার সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। পুরো কক্ষটির অন্যান্য মূল্যবান জিনিস অক্ষত রয়েছে।

ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।