১২ মে ২০২৩, ১৭:০৩

বিশ্ববিদ্যালয় ছাত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেফতার ১

  © প্রতীকী ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোঃ ফরিদুল ইসলাম নামের ওই যুবক ভুক্তভোগী ছাত্রীর ফেসবুক আইডি হ্যাক করে সংরক্ষিত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এ হুমকি দেয়।

এ নিয়ে ভুক্তভোগী ছাত্রী মামলা করার পর আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামি মোঃ ফরিদুল ইসলামের (৩২) বাড়ি সিরাজগঞ্জের ১০নং ওয়ার্ডের ধানবান্দি গ্রামে। 

অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেয়েদের আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি বা ভিডিও নিয়ে ব্লাকমেইল করে আসছিলেন বলে অভিযোগ আছে। গত সোমবার তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেন পুলিশ, বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মশিউর রহমান।

মামলার তদন্তকারী উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আসামি ঢাকায় পলাতক ছিলো। তিনি  দীর্ঘদিন ধরে অন্যের ফেসবুক হ্যাক করে আসছে। ভুক্তভোগীর ফেসবুক হ্যাকিং করে ব্যক্তিগত ছবি ফেসবুকে দিলে মামলা করেন ওই ছাত্রী। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় নাম্বার ট্রাকিং করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 

তিনি আরও বলেন, যে ডিভাইস দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফেসবুক হ্যাক করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে এবং সেই ডিভাইসে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি পাওয়া যায়। আসামি আদালতে স্বীকারোক্তি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বর্তমানে তিনি জেলহাজতে আছে।

জানা যায়, গত ৩ ডিসেম্বর মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীর ফেসবুক লগইন করেন ফরিদুল। পরে তিনি দেখেন অভিযুক্ত ব্যক্তি তার একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর ফেসবুক আইডিতে তার ব্যক্তিগত ছবি পাঠায় এবং তাকে সামাজিক ও অন্যান্য মাধ্যমে অপমান, অপদস্থ ও ক্ষতিগ্রস্থ করার হুমকি দেয়।

পরে কৌশলে অভিযুক্ত ব্যক্তির নাম ও পরিচয় জেনে ভুক্তভোগী এজাহার দায়ের করেন। অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

এর আগেও বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার, টাকার ব্যাগ উদ্ধারসহ বেশকিছু কাজ করে সুনাম কুড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মশিউর রহমান।