জবিতে ফের চুরি, ছুরি দেখিয়ে পালালো চোর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফের চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ অক্টোবর) ভোর রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও ছাত্রী কমনরুমে এ চুরির ঘটনা ঘটে। তবে চোর যাবার সময় তাকে পাকড়াও করতে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ছুরি দেখিয়ে পালিয়ে যায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বরত কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
তিনি বলেন, চোর বস্তায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা টের পায়। তখন তাকে ধরতে গেলে ছুরি দেখিয়ে পালিয়ে যায় সে। বস্তা নিয়ে যেতে পারেনি। তবে তার আগে কিছু নিয়েছে কিনা তা বিশ্ববিদ্যালয় খুললে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নিয়ে দেখা হবে।
এদিকে শনিবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের যন্ত্রাংশের আলমারি দরজা ভাঙা। পাশের দুইটি সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরানো ও একটি খুলে ঝুলে রয়েছে। এছাড়া ছাত্রী কমনরুমের পানির স্টিলের কল খুলে নেয়া হয়েছে। কমনরুমের তালা ভেঙে থাকতে ও পাশের গ্রিল ভাঙা থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, চুরির ঘটনা শুনে সন্ধ্যায় ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। গাড়ির যন্ত্রাংশের আলমারি ভাঙা পেয়েছি। সিসি ক্যামেরা উল্টানো। আরেকটি সোজা আছে। সেটির ফুটেজ দেখলে বুঝা যাবে হয়তো। বিষয়টি উপাচার্য স্যারকে জানিয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
প্রসঙ্গত, এর আগে গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে কাঁচের দরজা ভেঙে চুরি করা হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তবে এ চুরির এখনো কোনো হদিস মেলেনি। দেওয়া হয়নি তদন্ত প্রতিবেদনও। এরমধ্যেই একই স্থানের পাশে আবার চুরির ঘটনা ঘটেছে।