ডব্লিউইউআরআই র্যাংকিং: বিশ্বের শীর্ষ ৫০-এ ইউল্যাব
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাংকিং ২০২০-এ স্থান পেয়েছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস)। ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস’ ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটির নাম রয়েছে। এই র্যাংকিংয়ে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ইউল্যাব।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে ডব্লিউইউআরআই-এর প্রকল্প পরিচালক অধ্যাপক মুন হোয়াই চ্যাং এ ঘোষণা দেন। এসময় তিনি জানান, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস’ ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউল্যাব। ২০২০ সালের এই র্যাংকিংয়ে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এটি।
এই ক্যাটাগরির আওতায় থাকা শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় যথাক্রমে হলো— স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, মিনার্ভা স্কুলস অ্যাট কেক গ্রাজুয়েট ইন্সটিটিউট, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)। শীর্ষ পাঁচের সবকটিই যুক্তরাষ্ট্রের।
তালিকায় ইউল্যাবের অবস্থান ৪৬তম। ইন্ড্রাস্ট্রিয়াল অ্যাপলিকেশনস ক্যাটাগরিতে সুযোগ পাওয়ায় ইউল্যাব ডব্লিউইউআরআই শীর্ষ একশ’ বিশ্ববিদ্যালয়ের তালিকার জন্যও বিবেচনার যোগ্য হবে।
ডব্লিউইউআরআই র্যাংকিং বিশ্বের শীর্ষ একশ’ বিশ্ববিদ্যালয়ের তালিকার পাশাপাশি সুনির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে শীর্ষ ৫০-এর তালিকা প্রকাশ করে। এগুলো হলো (১) ইন্ড্রাস্ট্রিয়াল অ্যাপলিকেশনস, (২) স্টার্ট-আপস অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ, (৩) সোস্যাল রেসপন্সিবিলিটি, এথিকস অ্যান্ড ইন্টেগ্রিটি এবং (৪) স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস ফর এক্সচেঞ্জ অ্যান্ড কোলাবেরেশন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের মাস্টার্স ইন কমিউনিকেশন প্রোগ্রামের থিসিসকে উপজীব্য করে এই র্যাংকিংয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইউল্যাব। উদ্ভাবনী ও সৃজনশীল কায়দায় তৈরি করা এই প্রোগ্রামে শিক্ষার্থীরা দুই বছর সময় ব্যয় করতে পারে। তাদেরকে সাতটি ধাপে এ প্রক্রিয়া সম্পাদন করতে হয়: আইডিয়া ইনকোয়ারি বা ধারণাগত অনুসন্ধান (টার্ম ওয়ান); প্রপোজাল রাইটিং বা প্রস্তাবনা তৈরি (টার্মস ওয়ান, টু, থ্রি); প্রপোজাল হিয়ারিং বা প্রস্তাবনা শোনা (টার্ম ফোর); থিসিস রাইটিং (টার্ম ফাইভ ও সিক্স); প্রেজেন্টেশন অ্যান্ড ডিফেন্স (টার্ম সিক্স); পর্যালোচনা ও চূড়ান্তকরণ (টার্ম সিক্স) এবং টার্ন ওভার (টার্ম সিক্স এর শেষ ভাগ)।
ডব্লিউইউআরআই র্যাংকিং তৈরি করেছে হ্যানসেনিয়াক লিগ অব ইউনিভার্সিটিজ (এইচএলইউ)। এইচএলইউ-এর বোর্ড অব ট্রাস্টিতে রয়েছেন নেদারল্যান্ডস, চীন, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। এইচএলইউ-এর লক্ষ্য হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ এবং গবেষণার উদ্ভাবন।
এই লক্ষ্য বাস্তবায়নে ডব্লিউইউআরআই নামে বিকল্প র্যাংকিং সিস্টেম তৈরি করেছে এইচএলইউ। গবেষণা পরিসংখ্যান, আন্তর্জাতিকায়ন এবং অনুমানের পরিবর্তে এই র্যাংকিং সমাজে বিশ্ববিদ্যালয়ের সত্যিকার অবদান মূল্যায়ন করে। গবেষণা ও শিক্ষায় এটি বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল এবং উদ্ভাবনী মনোভাবের ওপর গুরুত্ব দেয়।