অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে গেছি আমরা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমানে আমরা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে গেছি। তাতে হয়তো ব্যক্তির আর্থিক সমৃদ্ধি আসছে কিন্তু সহমর্মিতা হারিয়ে ফেলে আমরা যান্ত্রিক হয়ে পড়ছি। আমরা যত বড়ই হই না কেন, পাশের মানুষের কথা যদি মনে না থাকে তাহলে আমরা বড় হব না। ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমির পরিবর্তে আমরা বলা শুরু করতে হবে। আজ রবিবার বিকালে রাজধানীর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সব সময় বঞ্চিতদের কথা ভাবতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানি, বাল্য বিবাহ থেকে নিজেরা দূরে থাকতে হবে এবং অন্যকে দূরে রাখার চেষ্টা করতে হবে। সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময় বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন। সে স্বপ্ন বাস্তবায়নে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। বঙ্গবন্ধুর অবাস্তবায়িত স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাজ করতে হবে এবং সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুল এর ফাউন্ডার সিইও আয়মান সাদিক এবং পাঠাও লিমিটেডের সিইও হোসাইন এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।