ইউআইইউতে ন্যাশনাল এইচআর কনভেনশন আজ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ন্যাশনাল এইচআর কনভেনশন ২০১৯। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় ইউআইইউ স্থায়ী ক্যাম্পাসে এ কনভেনশন শুরু হবে।
কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য এরোমা দত্ত।
ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশন্স (এফবিএইচআরও) ও ইউআইইউ যৌথভাবে এ কনভেনশনের আয়োজন করছে।বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় জড়িত সবাইকে শিখন ও শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত করতে দ্বিতীয়বারের মতো এই আয়োজন। এবারের মূল প্রতিবাদ্য হলো— ‘রুট টু জেড জেনারেশন ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেস’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনাকে আধুনিকায়ণ এবং এইচআর পেশাজীবীদের মধ্যে জেনারেশন গ্যাপ কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানোই এই কনভেনশনের মূল লক্ষ্য। কর্মস্থলের পরিবেশকে আরও উন্নত ও উৎপাদনশীল করার উদ্দেশ্যে কনভেনশনে তিনটি মূল প্রবন্ধ উপস্থান করা হবে।
কনভেনশনে প্যাট্রন হিসেবে অংশ নেবেন এফবিএইচআরও’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মো. মোশারফ হোসেন। উপদেষ্টা হিসেবে থাকবেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। কনভেনশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের এমবিএ ও এমএইচআরএম’র পরিচালক এবং এফবিএইচআরও’র মহাসচিব অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী। এছাড়া কনভেনশন সেক্রেটারি হিসেবে রয়েছেন সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট-এর (এসএলএসডি) প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী।