বিজয়ের মনোমুগ্ধকর পরিবেশনা ড্যাফোডিল শিক্ষার্থীদের
বিভিন্ন ক্লাবের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘৪৮ এর ১৬’ নামে মহান বিজয় দিবস উদযাপন। এ আয়োজনে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ‘আমরা তোমাদের ভুলে গেছি’ নাটকটি পরিবেশন করে থিয়েটার ক্লাব অলস্টার্স ড্যাফোডিল।
১৬ ডিসেম্বর রাজধানীর সোবহানবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর এ পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যদের পাশাপাশি শিক্ষকরাও অংশগ্রহণ করেন।
‘আমি গাইব গাইব বিজয়েরই গান’ সাবিনা ইয়াসমিনের গাওয়া এ গানটির মাধ্যমেই শুরু হয় অলস্টার্স ড্যাফোডিলের এবারের বিজয় দিবসের পরিবেশনা। মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে এ সময় আলফেসানি শুভর রচনা ও আহমেদ মেরাজের নির্দেশনায় ‘আমরা তোমাদের ভুলে গেছি’ নাটকটি পরিবেশন করে তারা।
এরপর একে একে ‘আমার জন্মভূমি, বাংলাদেশ, জয় বাংলা বাংলার জয়’ সহ মুক্তিযুদ্ধের আরো কয়েকটি গান পরিবেশন করে অলস্টার্স ড্যাফোডিল। গানের পর শুরু হয় কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশনা।
এর আগে সংগঠনটির প্রেসিডেন্ট ইলিয়াস নবি ফয়সালের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় অলস্টার্স ড্যাফোডিলের পরিবেশনা। তখন উপস্থিত দর্শকরা মনোমুগ্ধ হয়ে পারফরম্যান্স উপভোগ করে।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির চিফ আর্টিস্টিক ডিরেক্টর মুশফিকুর রহমান বলেন, ‘আমরা আমাদের বীরসন্তান মুক্তিযোদ্ধাদের প্রায় ভুলে যেতে বসেছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উল্টো নানান কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে অসম্মান করছি। আর এ বিষয়টিই নাটকটিতে উঠে এসেছে।’
প্রসঙ্গত, অলস্টার্স ড্যাফোডিল ইতোমধ্যেই সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা থিয়েটার ক্লাবগুলোর মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সম্প্রতি ‘এমআইএসটি লিটারেচার এন্ড কালচারাল ক্লাব’ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৭টি বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে আনে অলস্টার্স ড্যাফোডিল।