১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধন

পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জামালপুর মেডিকেলের অস্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষের কার্যালয়ের সামনে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন ভবনে অস্থায়ীভাবে কলেজের কার্যক্রম চলছে। এতে নানা সমস্যায় আছেন শিক্ষার্থীরা। ভালো শ্রেণিকক্ষ নেই, শিক্ষার্থীদের মিলনায়তন নেই, লাইব্রেরি নেই, শিক্ষকদের বসার জায়গা নেই, জনবল নেই, খাওয়া-দাওয়ার ভালো কোনো ব্যবস্থা নেই। নির্মাণাধীন ক্যাম্পাসে একটি ছাত্রাবাস চালু হলেও, সেখানে ভালো পরিবেশ নেই। নির্মাণাধীন ছাত্রাবাস থেকে অস্থায়ী ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য কোনো বাসের ব্যবস্থা নেই।

তারা আরও বলেন, পাঁচ বছর ধরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া বন্ধ। উপবৃত্তির টাকা দেওয়ার দাবি করেন তাঁরা। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে নানাভাবে হয়রানির শিকার হন। দ্রুত সময়ের মধ্যে নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ শেষ এবং পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবি করেন। দাবি মানা না হলে, দীর্ঘদিনের জন্য সব ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তাঁরা।

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইকবাল সালেহ গণমোধ্যমকে বলেন, আমি এক মাস আগে নতুন এ কলেজে যোগদান করেছি। নতুন কলেজ হিসেবে এখানে নানা রকম সমস্যা রয়েছে। সবকিছু মিলিয়ে এখানের অবস্থা তেমন একটা ভালো না। শিক্ষার্থীদের দাবি-দাওয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

প্রসঙ্গত ২০১৪ সালে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের যাত্রা শুরু হলেও দীর্ঘ পাঁচ বছরেও তৈরি হয়নি পূর্ণাঙ্গ ক্যাম্পাস। জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ভবনে অস্থায়ীভাবে চলছে কলেজের কার্যক্রম। এতে নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত সময়ের মধ্যে তাঁরা পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবি করেন। দাবি মানা না হলে, দীর্ঘদিনের জন্যে ক্লাস বর্জন করে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।