২৩ নভেম্বর ২০১৯, ২০:০২

মানারাত ইউনিভার্সিটিতে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান অনুষ্ঠিত

‘আপনার রক্তে অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন’ এই স্লোগানে রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ও রিদম ব্লাড ব্যাংকের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১১টা থেকে বিকাল ৪টা দিনব্যাপী এ কর্মসূচিতে ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ এবং ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়।

জানালির্জম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. এম জাহানগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম কোরবান আলী।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফার্মাসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. নার্গিস সুলতানা চৌধুরী, আইন বিভাগের প্রধান জিয়াউর রহমান মুন্সী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামারুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) আলমগীর হোসাইন, মিডিয়া ক্লাবের মডারেটর ও প্রভাষক মো. মামুন উদ্দীন, রেহানা সুলতানা, বুরহান উদ্দিন ফয়সল, মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ও সেক্রেটারি ইয়াকুব আলী,রিদম ব্লাড ব্যাংকের পরিচালক আল আমিনসহ প্রমুখ ।

এ সময় মানবতার কাজে নিয়োজিত থাকায় মিডিয়া ক্লাব ও রিদম ব্লাড ব্যাংকে ধন্যবাদ জ্ঞাপন এবং এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন ড. এম কোরবান আলী।