আইআইইউসির দাওয়াহ বিভাগের নবীণবরণ অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের (আইআইইউসি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ ভবনে দাওয়াহ ক্লাবের উদ্দোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মাদ আমিনুল হকের সভাপতিত্বে দাওয়াহ ক্লাবের সভাপতি জনাব আ ফ ম নুরুজ্জামানের সঞ্চালনায় নবীনবরন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মাদ নিজামুদ্দীন নাদভী। তিনি তার বক্তৃতায় আইআইইউসি ও দাওয়াহ বিভাগকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং ছাত্রদেরকে ইসলামী জ্ঞানসমৃদ্ধ পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসসহ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এসমস্ত বই পড়তে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেন। তিনি আইআইইউসির শরীয়াহ অনুষদের মত এরকম সমৃদ্ধ অনুষদ বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়ে নেই বলেও মন্তব্য করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়াহ অনুষদের ডীন ড. শাফী উদ্দীন মাদানী, দাওয়াহ বিভাগের অধ্যাপক আবু রেজা নদভী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।