২৮ জুলাই ২০১৯, ১০:১৮

সহকর্মীকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ শিক্ষকের খোঁজ মেলেনি

নাটোরের হালতিবিলে নৌকা থেকে পড়ে যাওয়া এক শিক্ষিকাকে উদ্ধার করতে গিয়ে মখলেছুর রহমান পলাশ (২৭) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। শনিবার রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি।

এর আগে শনিবার দুপুর আড়াইটার সময় নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মোখলেছুর রহমান রাজশাহীর নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক। তাঁর বাড়ি রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায়। বাবার নাম নুরুল ইসলাম।

এলাকাবাসী সূত্র জানা যায়, শনিবার বিকেলে রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমণে নাটোরের নলডাঙ্গার হালতিবিলে যায়। নৌকায় চড়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিকা। এ সময় তাকে উদ্ধারে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন শিক্ষিকা প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যায় শিক্ষক মোখলেছুর রহমান।

প্রাথমিকভাবে স্থানীয়রা শিক্ষককে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। পরে আজ রোববার সকালে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান শুরু করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, নিখোঁজ শিক্ষকের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকালে ফের উদ্ধার অভিযান শুরু করেছে।