২৩ অক্টোবর ২০১৮, ২২:৪৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ

  © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টে শুরু হতে যাচ্ছে গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০১৮।

বুধবার থেকে শুরু হয়ে এটি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ওদিন সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ক্যাম্পাসে বর্ণাঢ়্য র‌্যালি, কেক কাটা এবং উদ্বোধনী অনুষ্ঠান। এসব আয়োজনে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, প্রো-ভিসি অধ্যাপক ড. ফখরুল আলম, ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন ড. দিলারা বেগম প্রমুখ।

প্রতিবছর অক্টোবর মাসে ইউনেস্কো গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ পালন করে আসছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ।

এরই ধারাবাহিকতায় এ বছরও ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদযাপন করা হবে গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০১৮।

বুধবার এ আয়োজনের উদ্বোধন শেষে ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে মিডিয়া ও ইনফরমেশন লিটারেসি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

৩০ অক্টোবর সকাল ১০টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  বিকাল ৩টায় সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লোবাল মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০১৮ সমাপ্তি ঘোষণা করা হবে।

তবে ৩১ অক্টোবর রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।