২২ আগস্ট ২০২০, ২৩:৫৭
সাংসদ মনসুর করোনায় আক্রান্ত
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে সাংসদের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম বলেন, করোনা পজিটিভ হলেও উনি শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি তার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার কোন উপসর্গ নেই বলে জানান শফিকুল।
এ বিষয়ে রামেক ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে শনিবার মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এই ৪৭ জনের মধ্যে ২৭ জন রাজশাহী জেলার আর বাকি ২০ জনের মধ্যে ৮ নাটোর জেলার এবং ১২ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার রয়েছে।