১৯ আগস্ট ২০২০, ১৫:২৭

ভ্যাকসিন নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে এসেছেন শ্রিংলা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের সঙ্গে ভারতের অংশীদারিত্ব থাকায় সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই সে দেশের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন। 

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মের কারণে ট্রাক দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে সমস্যা তৈরি হয়, পরে রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি হয়েছে, জাহাজেও পণ্য আসছে। এসব বিষয় আলোচনা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।