১৩ জুন ২০২০, ২০:১৪

দেশের উন্নয়নে নাসিমের ভূমিকা অনেক: ডা. জাফরুল্লাহ

  © টিডিসি ফটো

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে মোহাম্মদ নাসিমের ভূমিকা অনেক বলে মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কিছুদিন ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেও করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি এক শোক বার্তায় বলেন, স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে সরকারের মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলে থাকাকালীন রাজনীতি ও সমাজের জন্যে অনেক কাজ করে গেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে। নাসিমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাফরুল্লাহ চৌধুরী।

প্রসঙ্গত, আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম।