ইউরোপ-আমেরিকা থেকে দেশে করোনায় মৃত্যুর হার কম: তথ্যমন্ত্রী
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার সংখ্যা কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, তথ্য-উপাত্তই বলে দেয়, বাংলাদেশে করোনায় মৃত্যুহার প্রতিবেশী দেশগুলো থেকে তো বটেই, ইউরোপ- আমেরিকার দেশগুলো থেকেও অনেক কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবন বাঁচাতে সরকারের যথোপযুক্ত ব্যবস্থাই এর কারণ।
আজ শনিবার দুপুরে ঢাকায় তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনাশনাক্ত রোগীদের ১.৪৮ শতাংশ মৃত্যুবরণ করেছে, যা ভারতে ৩.২ এবং পাকিস্তানে ২.১৪ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে এ মৃত্যুহার শতকরা ৫.৯৬, যুক্তরাজ্যে ১৪.৩৬, স্পেনে ১০ এবং ইটালিতে ১৪.১১ শতাংশ। এ পরিসংখ্যানই বলে, সরকারের সময়োপযোগী পদক্ষেপে দেশে করোনায় মৃত্যু বহুদেশের চেয়ে অনেক কম।'
গবেষণা সংস্থার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্যোগে গজিয়ে ওঠা সংস্থার মনগড়া রিপোর্ট প্রকাশ গুজব রটনার শামিল।