বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস-পরীক্ষা বাতিলের দাবি ছাত্রদলের
করোনাভাইরাস সঙ্কট পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস-পরীক্ষা, সেমিস্টার ফি আদায় এবং ভর্তি কার্যক্রম সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোক্তাধির হোসেন তরু এবং সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনা করা অধিকাংশ শিক্ষার্থী দেশের প্রত্যান্ত অঞ্চলের, যেখানে নিরবিচ্ছিন্ন মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং ওয়াইফাই সংযোগ নেই। এছাড়া অধিকাংশ শিক্ষার্থীদের পরিবার এই মুহুর্তে আর্থিকভাবে বিপর্যস্ত। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্যি ইউজিসি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কথা চিন্তা না করে তাদের ব্যবসায়িক চিন্তাকে প্রধান্য দিচ্ছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দাবি, অনতিবিলম্বে সকল শিক্ষার্থীদের মতামতকে সমর্থন করে অনলাইনে ক্লাস-পরীক্ষা, ভর্তি কার্যক্রম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশের এই সংকট পরিস্থিতি বিবেচনা ও সামাজিক, অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে সেমিস্টার ফি মওকুফ অথবা লকডাউন শিথিল হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে।