০৩ মে ২০২০, ১৭:৫৭

আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, গোলাগুলি

  © ফাইল ফটো

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার (০৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের গুলিতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন- পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২), ফিরোজ সাহী (৪২) এছাড়াও আরও ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় দীর্ঘদিন ধরেই জেলা যুবলীগের সহ-সম্পাদক বিল্লাল মোল্লার সাথে একই এলাকার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরেই আজ রবিবার দুপুরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারা জানান, বিগত রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অবশ্য দু’জনের কেউ বিজয়ী হতে পারেননি। এরপর থেকেই দু'জনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যে চরম উত্তেজনা দেখা দিত। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বিল্লাল মোল্লার লাইসেন্স করা বন্দুক থেকেই গুলি করা হয়েছে।