০৮ এপ্রিল ২০২০, ১৬:৫০

শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ মাসের টিউশন ফি বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

  © লোগো

মহামারী করোনার ফলে সম্ভাব্য মন্দা মোকাবেলায় অর্থনীতির চাকা সচল রাখতে অর্থনৈতিকভাবে সুরক্ষিত ব্যবসায়ীসহ সরকার ঘনিষ্ঠ বিভিন্ন মহলের জন্য প্রণোদনা ঘোষণা আসলেও সবচেয়ে ঝুঁকিতে থাকা দিনমজুর, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক তথা সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য বিশেষ প্রত্যক্ষ প্রণোদনা ঘোষণা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পাশাপাশি সামনের দিনে সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত মানুষদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা পূর্বক অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৬ মাসের টিউশন ফি এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১ সেমিস্টার ফি বাতিল করে করোনার দুর্বিপাকে স্থবির হয়ে যাওয়া শিক্ষাব্যবস্থার জন্য পৃথক প্রণোদনা প্যাকেজের দাবী জানিয়েছে সংগঠনটি।

আজ এক যৌথ বিবৃতিতে পৃথক প্রণোদনা প্যাকেজের দাবী জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল এবং সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, করোনার মহামারি সংক্রমণরোধে সমগ্র পৃথিবীর মতো আমাদের দেশেও যখন সাধারণ ছুটি চলছে তখন মহামারির পরাকাষ্ঠা দেখিয়ে চট্টগ্রামের বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির সকল বর্ষের সকল শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য ফি পরিশোধ করার নির্দেশ আমাদের শঙ্কিত করে অচিরেই দেশের অন্যান্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোও টিউশন ফি, সেমিস্টার ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের উপর নানামাত্রিক চাপ তৈরি করতে একই পথে হাটবে।

বিবৃতিতে বর্তমানে শিক্ষা ব্যবস্থার বড় একটা অংশ বেসরকারী ব্যবস্থার আওতাধীন এবং লক্ষাধিক শিক্ষার্থী রয়েছেন যারা টিউশনি বা বিভিন্ন পার্ট-টাইম চাকরীর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে নিজের পড়াশোনাসহ পরিবার চালাচ্ছেন। বর্তমান অবস্থায় চূড়ান্ত অর্থনৈতিক সমস্যায় জর্জরিত এই পরিবারগুলো সামনের দিনে অর্থনৈতিকভাবে আরো জর্জরিত হবে বলেও মনে করেন তাঁরা।

অর্থনৈতিকভাবে অরক্ষিত পরিবারগুলোর বিপর্যয়কালীন সময়ে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিসহ অন্যান্য ফি পরিশোধ করার চাপ তাদেরকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে পতিত করবে বিধায় কালবিলম্ব না করে সরকারী-বেসরকারী সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৬ মাসের টিউশন ফি এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ১ সেমিস্টারের ফি বাতিল এবং শিক্ষাব্যবস্থার জন্য আলাদা পৃথক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সংকটকালীন মুহুর্তে প্রকৃত সংকটে থাকা মানুষের পাশে থাকার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।