নৌকার বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে: ছাত্রলীগ সভাপতি
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিয়ে সবাইকে ঘরে ফিরতে হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির পক্ষে নির্বাচনী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, নির্বাচনের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাত্রলীগ তা কঠোরভাবে মোকাবিলা করবে। স্বাধীনতার প্রতীক নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কেউ ঠেকাতে পারবে না।
সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপনের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, গাইবান্ধা-৩ আসনের নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার খান বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।