ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মশাল মিছিল
নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা রাকিব হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সোমবার রাত ১১টার পর মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের করা হয়। মশাল মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিলিত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুনের সঞ্চালনায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, তথ্য ও গবেষণা বিষয়ক রাব্বী শাওন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল মিয়া প্রমুখ।
রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশে মো. আল মামুন বলেন, গতকাল জঙ্গি সংগঠন স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাত্রলীগ নেতা রাকিব হোসেনকে গুলি করে আহত করে। এসময় প্রায় ৬ জন মারাত্মকভাবে আহত হয়। আহত রাকিব হোসেন আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অন্যদের অবস্থাও আশংকাজনক।
তিনি বলেন, জামায়াত-শিবির সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। রাকিব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাকিব ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও তিনি জানান।