২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪১

ছাত্রলীগের ওরিয়েন্টেশন কোর্সে অতিথি সাংসদ শেখ তন্ময়

  © সংগৃহীত

নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সে এবার অতিথি হয়ে আসলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে এ ওরিয়েন্টেশন শুরু হয়।

জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়। পরে সিটি নির্বাচনের কারণে কিছুদিন স্থগিত রাখা হয় কর্মসূচি। তবে শনিবার আবার তা শুরু করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন, এ ধরণের কার্যক্রমকে দ্রুত গতিতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া উচিত। তাহলে যারা ছাত্রলীগ করতে চায়, তারা একটা রোডম্যাপ তৈরি করতে পারবে যে কিভাবে ছাত্রলীগ করতে হবে।

পরে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং খাতা-কলম উপহার দেন। এসময় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন, ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আসিফ তালুকদারসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।