ভোটে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জনসমর্থন থাকায় আরও বেশি ভোট আশা করেছিলাম। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এজন্য দলের ওয়ার্কিং কমিটির সভা ডাকা হবে। সাংগঠনিক বিষয় নিয়ে সভায় চুলচেরা বিশ্লেষণ করা হবে বলে জানান তিনি।
তবে পরীক্ষা, তিনদিনের ছুটি ও আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ভোটােরদের উপস্থিতি কম হওয়ার জন্য কিছুটা দায়ী বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। সামগ্রিকভাবে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে বলেও দাবি করেন তিনি।
গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী নির্বাচনে মেয়ার পদে জয়ী হয়েছেন।