২৮ ডিসেম্বর ২০১৯, ২০:০৫

হোয়াটস অ্যাপে নুর-নজরুলদের আলাপের স্ক্রিনশট ভাইরাল

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল নামের আইডি থেকে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ চ্যাটের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল স্ক্রিনশটে দেখা গেছে, ডাকসু ভিপি নুরের সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে। তবে এটি আসলেই তাদের কথোপকথন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া এই স্ক্রিনশট নিয়ে খবর প্রকাশ হয়েছে। এমন অবস্থায় অনেকে প্রশ্ন করেছে-এইগুলো কি ওই চারজনের কথোপকথন?

এদিকে স্ক্রিনশটগুলো সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন ড. আসিফ নজরুল। এ বিষয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হোয়াটসঅ্যাপের এমন কোন গ্রুপে আমি যুক্ত নেই। এটি সম্পূর্ণ বানোয়াট। একটি মহল ডাকসুর হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যারা এমন স্ক্রিনশট ছড়িয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপটির নাম ইংরেজিতে লিখা হয়েছে ‘team4’। নামের নিচে আসিফ, মান্না ও তারেক দেখা যাচ্ছে। স্ক্রিনশটে দেখা যায়- তারেক নামের আইডি থেকে লেখা হয়েছে, ‘নুর আন্দোলন তো জমলো না।’ উত্তরে নুর নামের আইডি থেকে লেখা হয়েছে, ‘স্যার সব চেষ্টা তো হলো।’

এরপর তারেক নামের আইডি থেকে লেখা হয়, ‘আরও প্ল্যান করে করা উচিত সব। আমি আগেও বলেছি, লাশের বিকল্প নাই। যেকোনো উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে হবে। সকল নির্দেশনাই দেয়া হয়েছিল।’ এরপর আসিফ নামের আইডি থেকে লেখা হয়, ‘কামাল স্যারের সাথে তো বসা যায়।’ উত্তরে তারেক নামের আইডি থেকে লেখা হয়, ‘নো, ভ্যালুলেস।’

এরপর মান্না নামের আইডি থেকে লেখা হয়, বাম ছাত্রসংগঠনগুলোর কী অবস্থা নুর? নুর নামের আইডি থেকে লেখা হয়, আমাদের সাথে আছে স্যার। মান্না নামের আইডি থেকে নির্দেশনা আসে, ‘কাজে লাগাও।’ নুর নামের আইডি থেকে তখন ছুরি হাতে শিবির নেতা বলে পরিচিত যুবক সালেহ উদ্দিন সিফাতের ছবি দেয়া হয়।’

ছবি দেখে মান্না নামের আইডি থেকে লেখা হয়, ‘ওদের কাজই এগুলো করা। এখন সত্য কিছু দিলেও পাবলিক আর বিশ্বাস করে না ওদের।’ এরপর নুর নামের আইডি থেকে লেখা হয়, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের মামুনদের ধরা না হলে আন্দোলন জমতো। আর ফারাবিও সুস্থ হয়ে গেল।’ তখন তারেক নামের আইডি থেকে লেখা হয়, ‘টক টু নিউ জেসিডি কমিটি, ডু সামথিং ইন প্রোপার ওয়ে।’

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নূরের ওপর হামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। একই সঙ্গে তার অনুসারীদেরও পেটানো হয়। ভাঙচুর করা হয় ডাকসু ভবন। হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা যায়।

হামলার পর আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এখনো ডাকসু হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।