২৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৮

‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ সম্পর্কে কিছুই জানেনা ছাত্রদল

খোকন এবং শ্যামল  © ফাইল ফটো

উচ্চ শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ১২টি ছাত্র সংগঠন ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এ জোটটি প্রকাশ পায়। এই জোটে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ-ছাত্রদলকে রাখা হয়নি।

নতুন জোট গঠনের বিষয়ে কিছুই জানেনা বলে জানিয়েছে ছাত্রদল। তবে ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে গড়ে ওঠা এমন জোটকে সাধুবাদ জানিয়ে সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

শুক্রবার বিকালে এ জোটটি আত্মপ্রকাশের পর দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরাও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাতে কয়েকবার হামলার শিকার হয়েছি। তবে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আলাদা লড়াই করবো। তবে আমাদের এই সংগঠনে আসার আমন্ত্রণ জানালে আমরা বিষয়টি ভেবে দেখব।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সন্ত্রাসবিরোধী এমন ঐক্যকে ছাত্রদল সাধুবাদ জানায়। আমরা নিজেরাও ছাত্রলীগের সন্ত্রাসের শিকার। যদিও আমাদের এই সংগঠনে ডাকা হয়নি তবুও মানসিকভাবে আমরা সব সময় এই সংগঠনের পাশে আছি।