২২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১

ডাকসু ভিপির উপর হামলার প্রতিবাদ ইশা ছাত্র আন্দোলনের

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুলহক নুরের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ হামলার নিন্দা জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে.এম. শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ (২২ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর পুনরায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের যৌথ সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ সম্প্রচারে তাকে এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দকেও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ভিপি নূরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, ঢাবি ক্যাম্পাসে ইতোপূর্বেও ছাত্রলীগ এবং কথিত মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা মধ্যযুগীয় বর্বরতা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। আজ ক্যাম্পাসে ভিপি নূরের উপর ন্যক্কারজনক হামলা এবং ভাংচুরের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই এড়াতে পারে না।

সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল করীম আকরাম এর সঞ্চালনায় মজলিশে শুরা অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদসহ মজলিশে আমেলা ও শুরার সদস্যবৃন্দ।