২১ ডিসেম্বর ২০১৯, ২০:২৫

ফের আ.লীগের শিক্ষা সম্পাদক ঢাবির প্রাক্তন ছাত্রী চাঁপা

আজ শনিবার আওয়ামী লীগের দুদিনব্যাপী কাউন্সিল শেষ হয়েছে। ২১তম কাউন্সিলে পরবর্তী তিন বছরের জন্য দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই। এছাড়া শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন শামসুন নাহার চাঁপা।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন শামসুন নাহার চাঁপা। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের বোনও তিনি। চাঁপার রাজনীতি শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নের সময় থেকেই। তিনি শামসুন্নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল।

এরপর সরকারি চাকরিতে যোগদান করেন টাঙ্গাইলের ধনবাড়ীর এই কৃতী সন্তান। তথ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে ২০১৫ সালে অবসরে যান শামসুন নাহার চাঁপা। অবসর থেকে আবার রাজনীতিতে সক্রিয় হওয়া চাঁপা ব্যক্তিগত জীবনে চিরকুমারী।

যুগ্ম সাধারণ সম্পাদকে পদে পদোন্নতি পেয়ে নতুন যুক্ত হয়েছেন বিগত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। ডা. দীপু মনির সঙ্গে এ পদে বহাল আছেন মাহবুবুল আলম হানিফও।

এছাড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন অসীম কুমার উকিল। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ বহাল আছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

আজ কাউন্সিলে দলের সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদকের সব কটি পদে নেতা নির্বাচন করা হয়েছে। আটটি সাংগঠনিক সম্পাদক পদের মধ্যে ৫টিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সম্পাদক পদে কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ৮১ জন। এখন পর্যন্ত বিভিন্ন পদে ৪২ জনের নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে কমিটিতে একেবারেই নতুন দুজন। যারা আগের কমিটিতে ছিলেন না। আর পদোন্নতি পেয়েছেন আটজন। কমিটিতে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিপ্লব বড়ুয়া, নজিবুল্লাহ হিরু, এস এম কামাল, মির্জা আজম। নতুন মুখ শাজাহান খান ও মেহের আফরোজ চুমকি।

ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীতে সাবেক নৌ মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের অন্তর্ভুক্তি ছাড়া তেমন কোনো চমক নেই। এই নেতা আগের কমিটিতে কোনো পদে ছিলেন না। এবার সরাসরি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। আর আগের কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবারের কমিটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন। এটি আগের পদের চেয়ে বড় না ছোট তা নিয়ে দলের নেতাদের মধ্যে আলোচনা আছে।