প্রখ্যাত ইতিহাসবিদকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ
ভারতের বিজেপি সরকারের নতুন নাগরিক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বেঙ্গালুরুর টাউন হলের কাছে বিক্ষোভ দেখাতে গেলে তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। বুধবারের বিক্ষোভের পর সেখানে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
রামচন্দ্র গুহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আমার হাতে গান্ধীজির একটি ছবি ছিল। আমি সেই প্রতিবাদ মঞ্চ থেকে ভারতের সংবিধান নিয়ে বক্তব্য রাখছিলাম। পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো কাজ করছে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম।’ পাশাপাশি আরও ৩০ জন বিক্ষোভকারীকেও আটক করা হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে পুলিশের বাসে তোলা হয়।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার পথে নামবে গোটা দেশ। মিছিল, প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কেন্দ্রের নতুন আইনে বলা আছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে অ–মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবে ভারতের কেন্দ্রীয় সরকার। তাতেই বিতর্ক তৈরি হয়েছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে কেন্দ্রের মোদি সরকার, মত বিরোধীদের।
বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি প্রসঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ‘কংগ্রেসই প্ররোচনা দিচ্ছে। রাজ্যে শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ (সূত্র: আজকাল)