১৯ ডিসেম্বর ২০১৯, ১৪:২৪

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান

  © টিডিসি ফটো

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভলান্টারি সোস্যাল অর্গানাইজেশন (ভিএসও) এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে এম.আব্দুর রহিম মিলনায়তনে দিবসটির তাৎপর্য ও গুরত্বের ওপরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায়র‍্যালিটি শহরের চারুবাবুর মোড়,কালিতলা হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এ র‍্যালি শেষ হয়।

আলোচনা সভায় ভিএসও বাংলাদেশ,রংপুর বিভাগের সভাপতি শোয়েব হাসনাত সার্জিল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার বসন্ত কুমার রায় (এমবিবিএস), দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুল হক ছটু,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো.মামুন হাসান, জাগরণী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা হাসান ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো.সাইফুদ্দিন দরুদ প্রমুখ।

ভিএসও এর সদস্য মো.আবু সালেহ এর সঞ্চালনায় বক্তারা বলেন, একজন ভালো দেশ প্রেমিক হতে হলে আগে একজন ভালো স্বেচ্ছাসেবক হতে হবে। ভালো স্বেচ্ছাসেবক হতে না পারলে ভালো সমাজ সেবক বা ভালো মানুষ হওয়া যায় না। সেই রকম একজন স্বেচ্ছাসেবকের প্রকৃত উদাহরণ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি তার জীবনের প্রায় পুরো সময় দেশের মানুষের কল্যানার্থে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তোমরা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কাজ করে যাচ্ছো তারাই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কারিগর । আমি মনে করি, তোমরাই পারবে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও সৌহার্দপূর্ণ এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে। সবার জন্য শুভ কামনা রইলো।

আলোচনা সভা শেষে উম্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, গল্প শেয়ারিং ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন সংগঠনসহ দিনাজপুর জেলার ২৭টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ গ্রহণ করে।